খাবারের সঠিক সময় ও হজম প্রক্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

খাবার সঠিকভাবে হজম হওয়ার বিষয়টি মূলত ব্যক্তির শারীরিক স্বাস্থ্য, বয়স, লিঙ্গ এবং মেটাবোলিজমের ওপর নির্ভর করে। মানুষের পরিপাকতন্ত্র একটি জটিল নেটওয়ার্ক, যা খাবার ভেঙে পুষ্টিতে রূপান্তর করে শরীরের শোষণ উপযোগী করে তোলে। সামগ্রিক সুস্থতা অনেকাংশেই নির্ভর করে শরীর কত দ্রুত খাবার হজম করছে তার ওপর। বিশেষজ্ঞদের মতে, সুস্বাস্থ্যের মূল রহস্য অন্ত্রের স্বাস্থ্যের সঙ্গে জড়িত। সাধারণত খাদ্য পরিপাকনালীর ভেতর দিয়ে যেতে ২৪ থেকে ৭২ ঘণ্টা সময় নিতে পারে, তবে এটি খাদ্যের ধরন ও পরিমাণের ওপর নির্ভরশীল। যেমন, প্রোটিন ও স্নেহজাতীয় উপাদান থাকায় মাংস বা মাছ পুরোপুরি হজম হতে প্রায় দুদিন সময় লাগে, অন্যদিকে আঁশজাতীয় সবজি বা ফলমূল হজম হতে একদিনের কম সময় প্রয়োজন হয়।

হজম প্রক্রিয়াটি প্রধানত পাঁচটি ধাপে সম্পন্ন হয়। প্রথমত, মুখগহ্বরে লালার মাধ্যমে কার্বোহাইড্রেট ভাঙার কাজ শুরু হয়। দ্বিতীয়ত, খাদ্যনালীর মাধ্যমে চিবানো খাবার মাত্র কয়েক সেকেন্ডে পাকস্থলীতে পৌঁছায়। তৃতীয়ত, পাকস্থলীতে খাবার গ্যাস্ট্রিক জুস ও এনজাইমের সাথে মিশে ২ থেকে ৪ ঘণ্টা অবস্থান করে আধা-তরল অবস্থায় রূপান্তরিত হয়। চতুর্থত, ক্ষুদ্রান্ত্রে ৪ থেকে ৬ ঘণ্টা অবস্থানকালে রক্তে প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট শোষিত হয়। সবশেষে বৃহদান্ত্রে অবশিষ্টাংশ ১২ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে, যেখানে পানি শোষিত হয়ে মল তৈরি হয়। গবেষণায় দেখা গেছে, পাকস্থলী খালি হতে ৩.৩ থেকে ৭ ঘণ্টা, ক্ষুদ্রান্ত্র অতিক্রম করতে ৩.৩ থেকে ৭ ঘণ্টা এবং বৃহদান্ত্রে ১৫.৯ থেকে ২৮.৯ ঘণ্টা সময় লাগতে পারে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সাধারণত ২৩ থেকে ৩৭.৪ ঘণ্টা সময় লাগে।

খাবারের ধরনের ওপর হজমের সময় ভিন্ন হয়। যেমন, পানি শূন্য থেকে ১০ মিনিটে শোষিত হয়, যা সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে উপকারী। পানিসমৃদ্ধ ফল ২০ থেকে ৩০ মিনিটে, অম্লীয় ফল ৩০ থেকে ৪০ মিনিটে এবং আপেল বা পেঁপের মতো ফল ৪০ থেকে ৫০ মিনিটে হজম হয়। কাঁচা শাকসবজি ৩০ থেকে ৪০ মিনিটে এবং রান্না করা সবজি ৪০ থেকে ৫০ মিনিটে হজম হয়ে যায়। ভাত, রুটি বা আলু হজম হতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে। ডাল বা সয়াবিন হজম হয় ২ থেকে ৩ ঘণ্টায়। দুধ ও দইয়ের ক্ষেত্রে ৩ থেকে ৪ ঘণ্টা সময় প্রয়োজন। মাছ এক ঘণ্টায় হজম হলেও মুরগির মাংসের জন্য ২ থেকে ৩ ঘণ্টা এবং গরু বা খাসির মাংসের জন্য ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগে। বাদাম ও বীজ হজম হতে ২ থেকে ৩ ঘণ্টা সময় নেয়, যা দীর্ঘক্ষণ ক্ষুধা নিবারণে সাহায্য করে। ফাস্টফুড ও ভাজাপোড়া হজম হতে ৩ থেকে ৪ ঘণ্টার বেশি সময় লাগতে পারে, তাই এগুলো এড়িয়ে চলাই ভালো।

দ্রুত হজমযোগ্য খাবার শরীরে দ্রুত শক্তির জোগান দিলেও তা গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, যা চর্বিতে রূপান্তরিত হওয়ার ঝুঁকি রাখে। আবার শুধু ধীরে হজম হওয়া খাবার গ্রহণ করলে হজমযন্ত্রের ওপর চাপ পড়ে। তাই সুষম খাবার নির্বাচন জরুরি। পুষ্টিবিদরা পরামর্শ দেন, দিনের প্রথম ভাগে ভারী খাবার খাওয়া স্বাস্থ্যকর। ফল সবসময় খালি পেটে বা খাবারের অন্তত এক ঘণ্টা আগে খাওয়া উচিত। এছাড়া খাবারের ঠিক আগে বা ৩০ মিনিট পর পানি পান করা এবং রাতে হালকা খাবার গ্রহণ হজমজনিত সমস্যা ও সুগার নিয়ন্ত্রণে সহায়ক। পরিশেষে, হজম প্রক্রিয়া বংশগত বৈশিষ্ট্য এবং শারীরিক পরিশ্রমের ওপরও নির্ভর করে।