সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের চার প্রবাসী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই দীর্ঘদিনের প্রবাস জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন এবং জেদ্দা বিমানবন্দর থেকে তাদের দেশে ফেরার কথা ছিল।

নিহতরা সবাই সিলেটের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে দু’জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ। পারিবারিক সূত্র জানায়, তারা দেশে ফেরার জন্য বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিলেন, কিন্তু জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি।