নিকাহ রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্ত মামলায় তথ্য গোপন ও একই বিষয়ে একাধিক রিট দায়ের করার দায়ে রিটকারী মোহাম্মদ নুর আলম এবং তার আইনজীবী সুফিয়া আহামেদকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই জরিমানার আদেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, রিটকারী নুর আলম ও আইনজীবী সুফিয়া আহামেদকে পৃথকভাবে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা দিতে হবে। আগামী ৩০ দিনের মধ্যে জরিমানার এই অর্থ ঢাকা শিশু হাসপাতালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ী থানার ৬৫ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার হিসেবে মিজানুর রহমান মুরাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একাধিক রিট আবেদন করেন মোহাম্মদ নুর আলম। তবে এসব রিট দায়ের করার সময় তিনি আগের মামলার তথ্য আদালতের কাছে গোপন করেন। পরবর্তীতে বিষয়টি আদালতের নজরে আসলে আপিল বিভাগ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
শুনানিকালে আদালতে রিটকারী নুর আলমের পক্ষে লড়েন সিনিয়র আইনজীবী এএম মাহাবুব উদ্দিন খোকন। অন্যদিকে, নিকাহ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের পক্ষে শুনানি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী অনিক আর হক, সিনিয়র আইনজীবী মো. শিশির মনির এবং আইনজীবী অমিত দাশ গুপ্ত। শুনানিতে একই বিষয়ে বারবার রিট করা এবং পূর্ববর্তী মামলার তথ্য গোপন করার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়, যার প্রেক্ষিতে আদালত এই জরিমানার রায় দেন।

