দেশের প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বর্তমানে ৬২ লাখ নারী-পুরুষকে বয়স্ক ভাতা প্রদান করছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ জানিয়েছেন, প্রতি বছর পর্যায়ক্রমে এই কর্মসূচির পরিধি বাড়ানো হচ্ছে। আগে ৬০ লাখ প্রবীণ এই সুবিধা পেতেন, যা পরে ৬১ লাখে উন্নীত করা হয় এবং চলতি বছর আরও এক লাখ মানুষকে যুক্ত করায় বর্তমানে মোট ৬২ লাখ প্রবীণ এই ভাতার আওতায় এসেছেন।
সচিব জানান, নারীদের ক্ষেত্রে ৬০ বছর এবং পুরুষদের ক্ষেত্রে ৬৫ বছর বা তার বেশি বয়সীরা বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারেন। তবে বয়সসীমা পূরণ করলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে ভাতা পান না; আবেদনকারীদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হয়। বাজেট সীমাবদ্ধতার কারণে যোগ্য হওয়া সত্ত্বেও কিছু আবেদন এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তবে বাজেট বরাদ্দ বাড়লে পর্যায়ক্রমে সব যোগ্য ব্যক্তিকে এই কর্মসূচির আওতায় আনার চেষ্টা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
প্রবীণদের গুরুত্ব তুলে ধরে ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও দক্ষতা সমাজ ও রাষ্ট্রের জন্য মূল্যবান সম্পদ। বয়স্ক ভাতা দরিদ্র ও অসহায় প্রবীণদের দৈনন্দিন ব্যয় মেটাতে এবং তাদের আত্মমর্যাদা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, প্রবীণদের জীবনযাত্রার মান উন্নয়নে স্বাস্থ্যসেবা, নিরাপদ যাতায়াত এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা জরুরি।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে সচিব জানান, গণপরিবহনে প্রবীণদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা রয়েছে, যার মধ্যে পাবলিক ট্রান্সপোর্টে ২৫ শতাংশ বিশেষ সুবিধা অন্যতম। এছাড়া রেল ও মেট্রোরেলেও তাদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। তিনি আরও বলেন, প্রবীণদের কল্যাণে সরকারের পাশাপাশি পরিবার ও সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি করলে নবীন প্রজন্মও উপকৃত হবে। সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর, স্বচ্ছ ও তথ্যভিত্তিক করার উদ্যোগ নিয়েছে যাতে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া যায়।
ড. মোহাম্মদ আবু ইউছুফ আরও জানান, বয়স্ক ভাতার আওতা বাড়ানোর পাশাপাশি উপকারভোগীদের ভাতার পরিমাণও পর্যায়ক্রমে বাড়ানোর উদ্যোগ রয়েছে। চলতি বছর উপকারভোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ভাতার পরিমাণও কিছুটা বাড়ানো হয়েছে। তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক বাস্তবতায় প্রবীণদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি আরও বাড়ানো প্রয়োজন এবং সরকারের সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বয়স্ক ভাতার আওতাও আরও সম্প্রসারিত হবে।

