প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ এএম। বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) জাকজমকপূর্ণ আয়োজনে ১১তম আয়ুর্বেদ দিবস পালন করেছে ভারতীয় হাইকমিশন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এই দিবসটি একাডেমিক পর্ব, তথ্যবহুল কর্মশালা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে সাজানো হয়েছিল।
অনুষ্ঠানের একাডেমিক পর্বে আয়োজিত কর্মশালায় বাংলাদেশের চারটি ভিন্ন বিশ্ববিদ্যালয় ও আয়ুর্বেদ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, জীবনধারা-ভিত্তিক চিকিৎসা (লাইফস্টাইল মেডিসিন) এবং টেকসই স্বাস্থ্য চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. জাকির হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. বাবুল আক্তার এবং নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ মামুন মিয়া। কর্মশালার অংশ হিসেবে বাংলাদেশি শিল্পী মিস শাহিন সোবহানা সুরভীর তৈরি পশমের ‘গণপতি ট্যাপেস্ট্রি’ (দেয়ালসজ্জা)-র প্রতীকী উদ্বোধন করা হয়।
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক অ্যান মেরি জর্জ অনুষ্ঠানে আগত সকলকে স্বাগত জানান। তিনি এ বছরের প্রতিপাদ্য বিষয়—‘সুস্থ আগামীর জন্য আয়ুর্বেদ’-এর ওপর আলোকপাত করেন এবং আয়ুর্বেদ, যোগ, প্রাকৃতিক চিকিৎসা (ন্যাচারোপ্যাথি), ইউনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি পদ্ধতির প্রসারে ভারতের আয়ুষ মন্ত্রণালয়ের ভূমিকা তুলে ধরেন। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দর্শকদের উদ্দেশ্যে বলেন, সামগ্রিক সুস্থতা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ঐতিহ্যবাহী জ্ঞান-ব্যবস্থার গুরুত্ব চিরস্থায়ী। তিনি আরও বলেন, এ ধরনের প্ল্যাটফর্ম ভারত ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের জনকেন্দ্রিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে এবং একাডেমিক ও পেশাগত জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করে।
সাংস্কৃতিক পর্বে প্রখ্যাত শাস্ত্রীয় ও বাংলা খেয়াল সঙ্গীতশিল্পী এবং প্রশিক্ষক রঞ্জন চন্দ্র সরকার সঙ্গীত পরিবেশন করেন, যা দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে ফুটিয়ে তোলে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান ও শিল্পীকে সম্মাননা জানানো হয়। সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ, নূর মজিদ আয়ুর্বেদিক কলেজ এবং দ্য আয়ুর্বেদা কেয়ার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে সরকারি আয়ুর্বেদ ও ইউনানি কলেজের অধ্যক্ষ রাশিদুজ্জামান, সহকারী অধ্যাপক ড. নাজমুল হুদা, ‘প্রাচী’র প্রতিনিধি ড. মুখলেসুর রহমান এবং নারায়ণগঞ্জ আর্টস কলেজের অধ্যক্ষ শামসুল আলম আজাদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

