প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সারা দেশে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা এবং এর বাস্তবায়ন কৌশল নির্ধারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠকটি সম্পন্ন হয়।
বৈঠকে বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির অগ্রগতির বিষয় পর্যালোচনা করা হয়। একই সঙ্গে, পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি বিস্তারের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন নীতিনির্ধারকরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রম ধাপে ধাপে সারা দেশে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের পাশাপাশি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে যেন এই কার্ডের সুবিধা স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছায়। এ লক্ষ্যে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার ওপর তিনি আলোকপাত করেন। এছাড়া তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাইয়ের প্রতিটি ধাপে সর্বোচ্চ সততা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
আজ সোমবার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক হয়।

