বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুললো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদানের ওপর আরোপিত স্থগিতাদেশ পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২১ অগাস্ট থেকে এই স্থগিতাদেশটি আর কার্যকর নেই।

এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর চলতি বছরের ১৪ জানুয়ারি বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দিয়েছিল। সে সময় তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, এসব দেশের আবেদনকারীদের ‘যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার উচ্চ ঝুঁকি’ রয়েছে এবং তারা দেশটির স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের সম্পদের ওপর নির্ভর করতে পারেন।

এই স্থগিতাদেশের বিরুদ্ধে মার্কিন আদালতে ‘ক্লিনিক বনাম রুবিও’ নামে একটি মামলা দায়ের করা হয়। মামলার রায়ে আদালত জানায়, এই নীতি গ্রহণের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার এখতিয়ারের সীমা অতিক্রম করেছেন। আদালতের এই আদেশের প্রেক্ষিতেই স্থগিতাদেশটি বাতিল করা হয়েছে। গত ২৮ অগাস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনকার্ড বা ইমিগ্রান্ট ভিসাধারী অভিবাসীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা অভিবাসীরা যাতে যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন, তা নিশ্চিত করতে পররাষ্ট্র দপ্তর তাদের প্রাথমিক যাচাইকরণ ও পরীক্ষা-নিরীক্ষার নীতিমালাগুলো পুনর্মূল্যায়ন করছে।

ভারতের ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, স্থগিতাদেশ চলাকালীন সময়েও এই ৭৫টি দেশের আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরও নিয়মিত সাক্ষাৎকার গ্রহণের কার্যক্রম পরিচালনা করেছে। এখন এই স্থগিতাদেশ পুরোপুরি উঠে যাওয়ায় আবেদনকারীরা প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়া এগিয়ে নিতে পারবেন।