মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টিকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ট্রাম্প জানান, তাদের মধ্যে বর্তমানে আলোচনা চলছে এবং দিন যত যাচ্ছে, ইরান ততই এই আলোচনার গুরুত্ব বুঝতে পারছে।
ইরানে বড় ধরনের সামরিক হামলার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘না, এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’ তিনি আরও বলেন, ‘আমরা এখনই তাদের সঙ্গে আলোচনা করছি। আমার মনে হচ্ছে, দিন যত যাচ্ছে তারা ততই আলোচনাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। এর কারণটা হয়তো সবার কাছেই পরিষ্কার।’
এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল যে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে নতুন করে হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। অ্যাক্সিওসের দাবি অনুযায়ী, এই অভিযান যদি শেষ পর্যন্ত পরিচালিত হয়, তবে তা ‘অপারেশন এপিক ফিউরি’র চেয়েও বড় হতে পারে। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি একটি বড় আকারের হামলার কথা বিবেচনা করছি। আগের যেকোনো সময়ের চেয়ে বড় হতে পারে সেটি। সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছি। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।’
তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা অ্যাক্সিওসকে নিশ্চিত করেছেন যে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং নতুন কোনো সামরিক নির্দেশও জারি করা হয়নি। ট্রাম্প নিজেও এই হামলার ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করেননি।

