মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতর বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

রাজধানীর মতিঝিল এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পথচারীদের নজরে এলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে বোমাটি নিষ্ক্রিয় করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, উদ্ধার করা বোমাটি আইএডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) প্রকৃতির।

ঘটনার পর ওই সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। এমআরটি পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল এবং কেবল সড়কের পাশের যান চলাচল সাময়িক ব্যাহত হয়েছে। ছাতার ভেতরে কে বা কারা এই বোমা রেখেছিল, তা শনাক্ত করতে পুলিশসহ বিভিন্ন সংস্থা বর্তমানে কাজ করছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।