ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন ও ইসরায়েলি হামলায় হওয়া ক্ষতির জন্য ইরান ক্ষতিপূরণ দাবি করার পর এবার পাল্টা তেহরানের কাছেও ক্ষতিপূরণ চাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, ইরান এখন যে ক্ষতিপূরণ দাবি করছে, তা এর আগে কোনো আলোচনা বা বৈঠকে কখনও উল্লেখ করেনি।

ট্রাম্প তার বিবৃতিতে বলেন, ইরান তাদের রাস্তার পাশের বোমায় এবং বিভিন্ন সংঘাতের মাধ্যমে যাদের হত্যা ও গুরুতর আহত করেছে, তাদের জন্য আমিও একইভাবে ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছি। এর মধ্যে ইউএসএস কোল হামলায় নিহতদের পরিবার এবং যুদ্ধে নিহত হাজার হাজার মানুষের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া গত ৫০ বছরে ইরানে নিহত বিক্ষোভকারীদের পরিবারের পাশাপাশি গত পাঁচ মাসে নিহত ৫২ হাজার মানুষের পরিবারের জন্যও ইরানের ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে ট্রাম্প মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ভবিষ্যতে তেহরানের সঙ্গে যেকোনো আলোচনায় এই দাবির বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য তিনি তার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।