যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরানের ওপর তাদের পরিকল্পিত সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তেই মূলত তিনি এই হামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্পের দাবি অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কোনো দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে মাত্রায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিয়েছিল, ইরানের ক্ষেত্রেও তারা ঠিক সেই পর্যায়েই ছিল। তবে শেষ মুহূর্তে এসে তিনি এই পরিকল্পনা স্থগিত করেন। তিনি জানান, ইরান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাকে এই হামলা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছিল। এই অনুরোধের পেছনে মূল কারণ হিসেবে সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে সমঝোতার বিষয়টি উঠে এসেছে।
প্রস্তাবিত এই চুক্তির রূপরেখা সম্পর্কে ট্রাম্প দাবি করেন, এর আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির চূড়ান্ত অবসান ঘটানো হবে। বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থেই তিনি এই হামলা বাতিল করতে সম্মত হয়েছেন বলে জানান। তবে তার এই সিদ্ধান্তের পেছনে দ্রুত চুক্তি সম্পন্ন করার শর্তটি অটল রয়েছে। এছাড়া ইসরাইলও তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে বলে ট্রাম্প দাবি করেন।

