ভারতের দিল্লিতে চলমান ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সোমবার নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ রাস্তায় নেমে এলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও কাঁদানেগ্যাস নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে নরেন্দ্র মোদির সরকার ওই এলাকায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেয়। এমন উত্তপ্ত পরিস্থিতিতে নিজের অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।
সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বামীর হাতে লেখা একটি বার্তা প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তাটিতে সোনম ওয়াংচুক ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন। এটি একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল, যারা মূলত নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছে।
নিজের অনশনের ২৩তম দিনে দেওয়া বার্তায় সোনম ওয়াংচুক লিখেছেন, ‘শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী যুবকদের সাথে যে নৃশংস আচরণ করা হচ্ছে তা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ না যুব নেতাদের পার্লামেন্টে সংসদ সদস্যদের সাথে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে অথবা আমাকে হাসপাতালে তাদের সাথে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে, ততক্ষণ আমি অনশন চালিয়ে যাব।’
তিনি আরও আশা প্রকাশ করেন যে, সরকার দ্রুত শিক্ষামন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করবে। উস্কানির মুখেও শিক্ষার্থীদের ধৈর্য ও শান্তি বজায় রাখার প্রশংসা করে তিনি সরকার ও পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন আজ বা কাল শিক্ষার্থীদের সংসদে তাদের অভিযোগ পেশ করার সুযোগ দিয়ে বিষয়টি সমাধান করে।
মধ্য দিল্লির জন্তর মন্তরে সিজেপি সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সাথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার বৈঠকের কয়েক ঘণ্টা পরেই ওয়াংচুকের এই বার্তাটি সামনে আসে। সিজেপি সদস্যরা বৈঠকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়বদ্ধতাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এর আগে, নিট পরীক্ষা নিয়ে দেশজুড়ে চলমান সংকটের মধ্যে ২১ জন শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। আন্দোলনের সমর্থনে সোনম ওয়াংচুক অনশনে বসলে গত শনিবার তাকে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করা হয়, তবে তিনি সেখান থেকেও তার কর্মসূচি অব্যাহত রেখেছেন।

