নেপালের নুয়াকোট জেলায় বন্যার আশঙ্কায় প্রায় ৯০০ শিক্ষার্থীকে সময়মতো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন ত্রিভুবন ত্রিশূলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদি। তিনি জানান, বন্যার ঝুঁকি সম্পর্কে কয়েক মিনিটের ব্যবধানে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তিনি চারটি সতর্কবার্তা পান। এর মধ্যে একটি বার্তায় জানানো হয়, উজানের বেত্রাবতী এলাকায় বন্যার পানি প্রবাহিত হতে শুরু করেছে। পরিস্থিতি বুঝে তিনি আর দেরি না করে বিদ্যালয়ের ১ হাজার ৬০০-এর বেশি শিক্ষার্থীর মধ্য থেকে ৯০০ জনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদি বলেন, বন্যা না এলেও সর্বোচ্চ এক দিনের ক্লাস নষ্ট হতো, কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি কোনো ঝুঁকি নিতে চাননি। শিক্ষার্থীরা উঁচু স্থানে যাওয়ার সময় শিক্ষকরা লক্ষ্য করেন যে, বিদ্যালয়ের কাছাকাছি নদী থেকে প্রায় ১০০ মিটার দূরে থাকা একটি হোস্টেল ভবন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। দাওয়াদি বলেন, যদি তিনি ১০ মিনিট পরে সিদ্ধান্ত নিতেন, তবে শিক্ষার্থীদের সঙ্গে তিনিও হয়তো আজ বেঁচে থাকতেন না।
১৬ বছর বয়সী শিক্ষার্থী ইউনিশা জানান, বন্যার পানি আঘাত হানার মাত্র ১০ সেকেন্ডের ব্যবধানে তিনি ও তার বন্ধুরা নিরাপদ স্থানে পৌঁছাতে সক্ষম হন। তারা স্কুলের পেছনের সরু ও কাদাময় পথ দিয়ে দৌড়ে উঁচু স্থানে ওঠেন এবং এরপরই চোখের সামনে পুরো বাজার বন্যার পানিতে তলিয়ে যেতে দেখেন। ইউনিশার মা সাবিনা শ্রেষ্ঠা জানান, বন্যার খবর পাওয়ার পর তিনি মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ঘণ্টার পর ঘণ্টা চরম আতঙ্কে ছিলেন। তিন দিন পর মেয়ে বাড়ি ফিরলে তিনি স্বস্তি প্রকাশ করেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানান।

