নেপালে বন্যায় দুই বোনকে হারিয়ে ১৬ বছরের সামিরের আহাজারি

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩৬

নেপালের রাসুয়া জেলায় গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় দুই বোনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ১৬ বছর বয়সী কিশোর সামির তামাং। ঘটনার সময় সে স্কুলে থাকলেও তার দুই বোন ছিল বাড়িতে। মুহূর্তের মধ্যে ভোতেকোশি নদীর তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে যায় তাদের ঘরবাড়ি, সেই সাথে নিখোঁজ হয় তার দুই আদরের বোন। বর্তমানে লাহারেপাউয়ার শিবালয়া বেসিক স্কুলের আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া সামির তার বোনদের স্মৃতি মনে করে অশ্রুসজল চোখে জানায়, তার বোনেরাই ছিল তার সবচেয়ে কাছের বন্ধু।

স্থানীয় সংবাদমাধ্যম একান্তিপুরের তথ্য অনুযায়ী, বন্যার সময় নীলকণ্ঠ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সামির স্কুলেই ছিল। তার ১৩ বছর বয়সী বোন প্রিয়া এবং ৭ বছরের পার্বতী বাড়িতে অবস্থান করছিল। ছোট বোনের হাতে আঘাত থাকায় সে স্কুলে যেতে পারেনি, আর তাকে দেখাশোনা করার জন্য বড় বোনও বাড়িতে থেকে যায়। বন্যার খবর পেয়ে সামির স্কুল থেকে দ্রুত বাড়ির দিকে ছুটে গেলেও আর বোনদের দেখা পায়নি। সামিরের বাবা সূর্য কোনোমতে প্রাণ বাঁচাতে পারলেও তার মা ছেসাং বর্তমানে কুয়েতে কর্মরত আছেন।

সামিরের মতো একই করুণ দশা রাসুয়ার কালিকা গ্রামীণ পৌরসভার কালিকা হিমালয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাঞ্জু তামাংয়ের। পাঁচ বছর আগে বাবা বুদ্ধিমানকে হারানো রাঞ্জু এবারের বন্যায় তার মা শুভমায়াসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হারিয়েছেন। বন্যার সময় তার মা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। শুভমায়ার পাশাপাশি রাঞ্জুর বড় ভাই সূর্যমান, ভাগনে জ্ঞান বাহাদুর, খালা থারমেন্দো, মামা জ্ঞান বাহাদুর এবং মামার এক বছর বয়সী ছেলে প্রবীনেরও কোনো সন্ধান মিলছে না।

নেপাল-তিব্বত সীমান্তের কাছে বরফ ও পাথরের ধস থেকে গত ২৬ আগস্ট এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়। হিমালয় সীমান্তবর্তী অঞ্চল থেকে দক্ষিণে প্রবাহিত ভোতেকোশি ও ত্রিশূলী নদী এই বন্যার পানি বহন করে নিয়ে আসে। এতে রাসুয়া, নুয়াকোটসহ উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকার ঘরবাড়ি, সড়ক, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের হিসাব অনুযায়ী, এই ভয়াবহ বন্যায় প্রায় ১৭ হাজার শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য বলছে, এখনো ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিখোঁজ বা যোগাযোগের বাইরে রয়েছেন। এই দুর্যোগে শত শত শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে。