মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে যুদ্ধের উত্তেজনা, লোহিত সাগরে হুতিদের হামলা

যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান আপাতত স্থগিত রাখলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। গত শনিবার টানা ১৩ রাত হামলার পর যুক্তরাষ্ট্র ইরানে নতুন কোনো আক্রমণ চালায়নি। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ এখনো বহাল রয়েছে, তবে কেন হঠাৎ হামলা বন্ধ রাখা হয়েছে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। একই দিনে ইরানও প্রতিবেশী দেশগুলোতে মার্কিন ঘাঁটি বা স্থাপনায় পাল্টা কোনো হামলা চালায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিলেও ইরানকে আলোচনার টেবিলে আসার জন্য কঠোর বার্তা দিয়েছেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ট্রাম্পকে অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগের কথা জানান, যার প্রেক্ষিতে সামরিক অভিযান আপাতত স্থগিত করা হয়েছে বলে প্রতিরক্ষা বিভাগের সূত্র নিশ্চিত করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকলেও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের তেল স্থাপনায় হামলা চালিয়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এ ঘটনায় হরমুজ প্রণালির পাশাপাশি লোহিত সাগরের বাব আল-মানদেব নৌপথ ঝুঁকিতে পড়তে পারে এবং ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে জোরালো হতে পারে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জিজান ও ইয়ানবুর স্থাপনায় তারা হামলা চালিয়েছে। জিজানে শোধনাগারের দিক থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে, যেখানে প্রতিদিন চার লাখ ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। এছাড়া ইয়ানবুতে তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র সৌদি বাহিনী প্রতিহত করেছে।

অন্যদিকে, ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের বিমানবাহিনী মারিব ও আল-জাওফ প্রদেশে হুতিদের অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত হুতিরা গত সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে সতর্ক করেছে যে, সৌদি আরবের সব তেল স্থাপনা এখন তাদের হামলার লক্ষ্য। ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের সাথে হুতিদের এই সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একই সঙ্গে কাস্পিয়ান সাগরে নিজেদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে বলেও ইরান অভিযোগ করেছে।