ফরিদপুরে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ঘুষ নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পরই ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন।

রোববার দুপুরে ফেসবুকের মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় লোকজনের ধারণা, ভিডিওটি প্রায় এক বছর আগের হতে পারে। ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গাঢ় নীল রঙের শার্ট পরা ইমরান শেখ অফিসের চেয়ারে বসে সেবাগ্রহীতার কাছ থেকে গুনে গুনে ১০টি ৫০০ টাকার নোট গ্রহণ করছেন। টাকা নেওয়ার সময় তিনি সেবাগ্রহীতাকে বলেন, ‘আপনি মূল দলিল আজকে দেন। আজকে রাত্রে আবেদন করে দেব। এই সপ্তাহ তো শেষ হয়ে গেল। সামনে রোববার এসি ল্যান্ড আসবে। ইনশা আল্লাহ, দুই সপ্তাহ ক্রস করবে না। কারণ, স্যার দ্রুত কাজ করে।’

ভিডিওতে ইমরান শেখকে আরও বলতে শোনা যায়, ‘স্যারের (এসি ল্যান্ড) কথাবার্তা ভালো না? উনিও ৪০তম বিসিএসের। আমিও ৪০তম বিসিএসের। উনার কপাল ভালো, আল্লাহ উনারে ক্যাডার বানাইছে আর আমারে নন–ক্যাডার বানাইছে।’

এ বিষয়ে ইমরান শেখ প্রথম আলোকে দাবি করেন, ‘এটি ঘুষের টাকা নয়, এটি ধারের টাকা। অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয়, আবার ফেরত দিয়ে যায়। এটি ধারের টাকা ফেরত দেওয়ার সময়কার ভিডিও।’ তবে কে টাকা ফেরত দিয়েছে, সেই ব্যক্তির নাম-পরিচয় তিনি প্রকাশ করেননি।

ঘটনার বিষয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদের বক্তব্য জানতে তাঁর সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জেলা প্রশাসকের আদেশের মাধ্যমে ইমরান শেখকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে এবং বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।