ঠিকাদারের টাকায় চসিক কর্মকর্তাদের সুইডেন সফর বাতিল

ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পাঁচ কর্মকর্তার সুইডেন সফর বাতিল করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও চসিকের এই কর্মকর্তাদের সফর নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়। এই প্রেক্ষাপটে সফরটি বাতিলের উদ্যোগ নেয় স্থানীয় সরকার বিভাগ।

রোববার রাতে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (সিটি করপোরেশন-১) মোহাম্মদ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে এবং এ সংক্রান্ত নথিপত্র চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল যে, রোলার চালানোর প্রশিক্ষণ নিতে স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান, চসিকের সচিব আশরাফুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসীম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ ইমরান হোছাইন খোকা সুইডেন সফরে যাচ্ছেন। গত ৬ জুলাই মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশে তাদের ২৫ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত এই সফরের অনুমতি দেওয়া হয়েছিল।

চসিক সূত্রে জানা গেছে, মেসার্স সরকার কবির আহমেদ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান চসিককে পাঁচটি ডাবল ড্রাম রোড রোলার সরবরাহ করে, যা ১১ মার্চ স্টকে জমা হয়। যন্ত্রপাতি বুঝিয়ে দেওয়ার চার মাস পর কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণে পাঠানোর সিদ্ধান্তে নানা প্রশ্ন ওঠে। চুক্তির নিয়ম অনুযায়ী, রোলার সরবরাহের সাত দিনের মধ্যে চট্টগ্রামেই একজন উপ-সহকারী প্রকৌশলী এবং প্রতিটি রোলারের চালকদের প্রশিক্ষণের কথা ছিল, যার ১৩ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ভার ঠিকাদারের বহন করার কথা। আইন বিশেষজ্ঞরা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের টাকায় সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নীতিবিবর্জিত এবং এটি স্বার্থের সংঘাত (Conflict of Interest) তৈরি করে। উল্লেখ্য, অতীতেও মশা নিধনের ওপর প্রশিক্ষণ নিতে ঠিকাদারের অর্থায়নে চসিক কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফরের আয়োজন করা হলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তা বাতিল হয়েছিল।