মক্কা প্রতিরক্ষা চুক্তি কোনো নির্দিষ্ট ধর্মের দেশগুলোর জন্য তৈরি ‘ক্লাব’ নয়, বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার একটি জোট। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আল আরাবিয়া ইংলিশের ‘গ্লোবাল নিউজ টুডে’ অনুষ্ঠানে উপস্থাপক টম বার্জেস ওয়াটসনের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিরক্ষা চুক্তির রূপরেখা ব্যাখ্যা করেন। আহমেদ শরীফ চৌধুরী স্পষ্ট করেন যে, এই চুক্তিটিকে মুসলিম বিশ্বের বৃহত্তর নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে দেখার সুযোগ নেই, কারণ চুক্তির কোথাও এটিকে কেবল মুসলিম জোট হিসেবে উল্লেখ করা হয়নি।
তিনি জানান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যকার এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা ব্যবস্থার কোনো নির্দিষ্ট ‘আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা’ নেই। এর মূল লক্ষ্য সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। জোটের সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, নতুন ও আগ্রহী অংশীদারদের অন্তর্ভুক্ত করার সুযোগ সবসময়ই রয়েছে। তবে শর্ত হলো, তাদের আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তায় বিশ্বাসী হতে হবে এবং আগ্রাসন না চালানো বা হস্তক্ষেপ না করার বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে।
জোটের ভবিষ্যৎ কার্যক্রম বা নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, কখন বা কীভাবে তা করা হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নেতৃত্বের ওপর নির্ভর করছে।

