পূর্ব জেরুজালেমে বৃটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা ইসরাইলের

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলোর ওপর বৃটেনের আরোপ করা নিষেধাজ্ঞার জবাবে পাল্টা পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে তেল আবিব। ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জানিয়েছেন যে, পূর্ব জেরুজালেমে অবস্থিত বৃটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী সা’আর আরও জানিয়েছেন, কনস্যুলেট বন্ধের পাশাপাশি ইসরাইলে চলমান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা সমন্বয় মিশন থেকে লন্ডনকে বাদ দেওয়া হবে। এছাড়া, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার যে সুযোগ বৃটেন এতদিন পেয়ে আসছিল, সেটিও বাতিল করা হয়েছে।

ইসরাইলের পক্ষ থেকে এমন কঠোর পদক্ষেপের ঘোষণা এলো মূলত বৃটেনের নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায়। মঙ্গলবার বৃটেন অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বসতি সম্প্রসারণে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন বিধিনিষেধ জারির ঘোষণা দিয়েছিল।