আগামী বুধবার, ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে ইরানের সব বাণিজ্যিক এয়ারলাইনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সোমবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থাকে আন্তর্জাতিক পর্যায় থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে এই নতুন ও ব্যাপক ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’ আরোপ করা হচ্ছে।
বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব আন্তর্জাতিক বিমানবন্দর ও হাব ইরানি বিমানকে সেবা প্রদান করবে, তারা মার্কিন ব্যাংকিং ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে। বিশেষ করে, ইরানি বিমানে জ্বালানি সরবরাহ, অবতরণের সুবিধা প্রদান কিংবা যাত্রীদের টিকিট বিক্রির মতো কাজে জড়িত প্রতিষ্ঠানগুলো মার্কিন ডলার লেনদেনের সুযোগ হারাবে।
ওয়াশিংটন তেহরানের হয়ে লেনদেন সহজতর করা আর্থিক মধ্যস্থতাকারীদের শনাক্ত করেছে বলে জানান বেসেন্ট। তিনি বলেন, বিশ্বজুড়ে এমন বেশ কিছু সহযোগীকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। চীনের আর্থিক কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে এই চাপ কতদিন বজায় থাকবে বা কতটা তীব্র হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি তিনি। কেবল মন্তব্য করেছেন যে, বর্তমানে ইরানের ওপর আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘অপারেশন ইকোনমিক ফিউরি’র আওতায় চলমান ধারাবাহিক অর্থনৈতিক পদক্ষেপের অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা এলো। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সোমবার (২১ সেপ্টেম্বর) মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

