ইরানের কৌশলগত কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ

ইরানের দক্ষিণাঞ্চল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ বেশ কিছু এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার সন্ধ্যায় হরমুজ প্রণালিসংলগ্ন অঞ্চলে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, হরমুজ প্রণালিতে ইরানের সামরিক কর্মকাণ্ড ও তৎপরতার সঙ্গে এই বিস্ফোরণের যোগসূত্র থাকতে পারে। তবে ওই সমস্ত এলাকা লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে কি না, তা ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। অপরদিকে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক সূত্রের বরাতে জানানো হয়, কেশম দ্বীপে ভেসে আসা বিস্ফোরণের শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি কোনো সম্পর্ক নেই।

এরই মধ্যে রোববার ভোরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখা (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় অননুমোদিত রুট ব্যবহারের কারণে দুটি তেলবাহী জাহাজ মাইনে আঘাত প্রাপ্ত হয়ে অগ্নিকাণ্ডের শিকার হয়। তবে দক্ষিণাঞ্চলের শহরগুলোতে শোনা বিস্ফোরণের সঙ্গে এই জাহাজ দুটির অগ্নিকাণ্ডের কোনো স্পষ্ট সংযোগ আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই কেশম দ্বীপে সামরিক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তার ভাষ্যমতে, ওই পদক্ষেপ ছিল একটি সীমিত অভিযান এবং এর মাধ্যমে নতুন করে বড় কোনো সামরিক হামলা শুরু করার পরিকল্পনা নেই।

ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় হরমুজ প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।