ইরানি ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর সব বিধিনিষেধ প্রত্যাহার

ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর থাকা সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (৭ নভেম্বর) তেহরানে এক সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এখন থেকে দেশের প্রয়োজন অনুযায়ী ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ও পাল্লা বাড়ানোর পূর্ণ সুযোগ রয়েছে।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা হোসেইনি খামেনির সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই ঘোষণা এসেছে। ওই নির্দেশনায় ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি বা সামরিক হামলার জবাব ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই দ্রুত ও কার্যকরভাবে দেওয়ার কথা বলা হয়েছে। মোহেব্বি জানান, শত্রুপক্ষকে থামিয়ে দেওয়ার মতো ইরানের হাতে অনেক উপায় রয়েছে এবং প্রতিপক্ষের সামরিক ও বেসামরিক সম্পদকে কাজে লাগিয়ে তাদের দুর্বল করার সুযোগও তেহরানের আছে।

মোহেব্বি আরও বলেন, কেবল প্রচলিত সামরিক শক্তি নয়, বরং বিভিন্ন কৌশলগত সক্ষমতা ব্যবহার করে অসম যুদ্ধের কৌশলে শত্রুপক্ষের অপ্রত্যাশিত স্থানে আঘাত হেনে তাদের অকার্যকর করে দেওয়া সম্ভব। তবে ক্ষেপণাস্ত্রের পাল্লা ঠিক কত দূর পর্যন্ত বাড়ানো হবে কিংবা নতুন এই সক্ষমতা কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি আইআরজিসির এই মুখপাত্র।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের এক বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ও গুরুত্বপূর্ণ সম্পদকে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়। এ লক্ষ্যে সামরিক লক্ষ্যবস্তুর তথ্যভান্ডার হালনাগাদ করার কাজ চলছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করতে পারে এবং এটি তেহরানের প্রতিরক্ষা ও সামরিক কৌশলের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত।