ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর অবস্থানকে ‘কুমিরের কান্না’ বললেন আরাগচি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪৮

ইরানের police হেফাজতে কুর্দি-ইরানি তরুণী মাহসা ‘জিনা’ আমিনির মৃত্যুর চার বছর পূর্তিতে তাকে স্মরণ করায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর এই অবস্থানকে ‘ভণ্ডামি’ এবং ‘কুমিরের কান্না’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাগচি ফ্রান্সের অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, আলজেরিয়ার স্বাধীনতাযুদ্ধের সময় ফ্রান্স ১৫ লাখ আলজেরীয় নাগরিককে হত্যা করেছিল। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি সরাসরি বলেন, “আপনার কুমিরের কান্না বন্ধ করুন। যুক্তরাষ্ট্র যখন আমাদের স্কুলশিশুদের হত্যা করেছিল, তখন আপনার নীরবতাই সবকিছু বলে দিয়েছিল।”

এর আগে, গত বুধবার ইরানি তরুণী মাহসা আমিনির মৃত্যুর চতুর্থ বার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো। উল্লেখ্য, ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে কোমায় চলে যাওয়ার পর কাসরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহসা আমিনি। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, আমিনিকে হেফাজতে নেওয়ার পর নির্যাতন এবং অন্যান্য মারাত্মক দুর্ব্যবহারের শিকার হতে হয়েছিল—এমন বিশ্বাসযোগ্য তথ্য ও প্রমাণ রয়েছে।