যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এই ধারাবাহিকতায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি। তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন।
সামির আবু ইউনুস রাফাহ ব্রিগেডের দায়িত্বে থাকা দ্বিতীয় কমান্ডার, যিনি যুদ্ধে প্রাণ হারালেন। তার আগে এই ব্রিগেডের দায়িত্বে ছিলেন নায়েল আবু ওবেইদ, যিনি ‘আবু আতিয়া’ নামে পরিচিত ছিলেন। তিনি ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত হওয়ার পর সামির আবু ইউনুস তার স্থলাভিষিক্ত হয়েছিলেন।
এর আগে বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সেও হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, ওই হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেড কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং সেখানে আশ্রয় নেওয়া আরও কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

