যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন চার বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুর্দান্ত সাফল্য অর্জন করে ইতিহাস গড়েছেন চার বাংলাদেশি প্রার্থী। মার্কিন রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের এই অর্জন দেশের জন্য এক বড় গৌরব বয়ে এনেছে। নিউ হ্যাম্পশায়ার, জর্জিয়া, কানেকটিকাট ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই চার রাজনীতিক। তাদের মধ্যে একজন রিপাবলিকান পার্টি এবং অন্য তিনজন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রিপাবলিকান পার্টি থেকে নিউ হ্যাম্পশায়ার স্টেটের প্রতিনিধি হিসেবে সপ্তম মেয়াদে নির্বাচিত হয়েছেন পিরোজপুরের সন্তান আবুল খান। অন্যদিকে, কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান জর্জিয়া স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৫ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে পঞ্চম মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কানেকটিকাট স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৪ থেকে তৃতীয় মেয়াদে জয় পেয়েছেন চাঁদপুরের সন্তান মাসুদুর রহমান। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি এবারও বড় ব্যবধানে জয়ী হয়েছেন। এছাড়া নর্থ ক্যারোলাইনা স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-১৮ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরের সন্তান হাসিব ফাতেমী।