জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির গুরুদায়িত্ব পালনের জন্য দীর্ঘ ৫২ দিনের সফরে নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সরকারের অনুমতিক্রমে তিনি আগামী ৩০ আগস্ট অথবা তার কাছাকাছি সময়ে ঢাকা ছাড়বেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগ থেকে গত রোববার এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এটি কোনো আনুষ্ঠানিক ছুটি নয়, বরং বিশ্বমঞ্চে বিশেষ দায়িত্ব পালনের অংশ হিসেবেই তার এই দীর্ঘ নিউইয়র্ক সফর অনুমোদিত হয়েছে।
আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে অধিবেশন শুরুর আগেই জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন ড. খলিলুর রহমান। নতুন এই দায়িত্ব গ্রহণ এবং প্রস্তুতির জন্যই তাকে নির্ধারিত সময়ের আগেই নিউইয়র্কে পৌঁছাতে হচ্ছে। দায়িত্ব পালন শেষে আগামী ২২ অক্টোবর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য যে, গত জুনে নিউইয়র্কে অনুষ্ঠিত গোপন ব্যালটের ভোটে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকৌরিসকে পরাজিত করে ড. খলিলুর রহমান জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেন। মোট ১৯০টি ভোটের মধ্যে তিনি ৯৯ ভোট পেয়েছিলেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন ৯১ ভোট। নির্বাচনের সময় তিনি সবার জন্য কাজ করার এবং পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রায় চার দশক পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি এই আসনে বসছেন; এর আগে ১৯৮৬ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
এদিকে এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ সেপ্টেম্বর তিনি ঢাকা ছাড়তে পারেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা রয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

