উজবেকিস্তানের সমরকন্দে ‘শিশুদের কল্যাণে বিনিয়োগ: ভবিষ্যৎ প্রজন্মের টেকসই ও ন্যায়সংগত উন্নয়নের পথ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গিয়ে ইমাম বুখারির মাজার জিয়ারত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের স্ত্রী এমিনি এরদোয়ান। বৃহস্পতিবার সমরকন্দে অবস্থানকালে তিনি ইমাম বুখারি স্মৃতিসৌধ কমপ্লেক্সে উপস্থিত হয়ে মাজার জিয়ারত ও দোয়া করেন।
মাজার জিয়ারতের পর এমিনি এরদোয়ান কমপ্লেক্সের জাদুঘরটি ঘুরে দেখেন। এ সময় তিনি ঐতিহাসিক নিদর্শনগুলো পর্যবেক্ষণ করেন এবং হাদিসশাস্ত্রে অসামান্য অবদান রাখা মহান মনীষী ইমাম বুখারির জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে এমিনি এরদোয়ান জানান, সমরকন্দের এই স্মৃতিসৌধ কমপ্লেক্সে তিনি এক আধ্যাত্মিক যাত্রার অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বলেন, ইসলামী সভ্যতায় অনন্য অবদান রাখা এই মনীষী শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতিকে পথ দেখিয়ে আসছেন। হাদিসশাস্ত্রে জীবন উৎসর্গ করা এই মহান মনীষীর স্মৃতি বিজড়িত স্থানটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তিনি ইমাম বুখারির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান নিবেদন করেন।
এমিনি এরদোয়ানের এই পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মির্জিয়োয়েভের স্ত্রী জিরোয়াত মির্জিয়োয়েভা, লেবাননের প্রেসিডেন্টের স্ত্রী নিমেত আউন, কিরগিজস্তানের প্রেসিডেন্টের স্ত্রী আইগুল জাপারোভা, পাকিস্তানের প্রধানমন্ত্রীর মেয়ে আয়েশা হারুন এবং নুন এডুকেশন অ্যান্ড কালচার ফাউন্ডেশনের বোর্ড চেয়ারওম্যান এসরা আলবায়রাক।
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১২: ৫৪আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১২: ৫৯
