ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলির উপকূলের কাছে পরপর ১২টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ধারাবাহিক কম্পনের পরপরই ওই এলাকায় সুনামি সংক্রান্ত 'কমলা' সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইতালির জাতীয় ভূ-পদার্থবিদ্যা ও আগ্নেয়গিরি গবেষণা প্রতিষ্ঠান (আইএনজিভি) জানিয়েছে, শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টা ৪ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার কম্পন দিয়ে এই ভূমিকম্পের সূচনা হয়।
ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিসিলির উত্তর-পশ্চিমে এওলিয়ান দ্বীপপুঞ্জের কাছে দক্ষিণ টাইরেনিয়ান সাগরে। ইতালির সংবাদমাধ্যম রাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত ওই এলাকায় ৩ মাত্রার বেশি অন্তত ৯টি কম্পন রেকর্ড করা হয়েছিল, পরবর্তীতে মোট ১২টি ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করা হয়।
আইএনজিভি জানিয়েছে, দুপুর ১২টা ১৯ মিনিটে সবচেয়ে শক্তিশালী কম্পনটি আঘাত হানে। প্রাথমিকভাবে এর মাত্রা ৫ দশমিক ০ বলা হলেও পরবর্তীতে তা সংশোধন করে ৫ দশমিক ৫ নির্ধারণ করা হয়। সিসিলির রাজধানী পালেরমো থেকে শুরু করে কাতানিয়া, অ্যাওলিয়ান দ্বীপপুঞ্জ ও এর আশপাশের বিভিন্ন এলাকায় এই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে।
ভূমিকম্পের কারণে বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়লে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দফতর থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি, আহত হওয়ার ঘটনা বা ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে, সিসিলির স্থানীয় প্রশাসন সুনামির অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি করেছে। এর আওতায় সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দা এবং পর্যটকদের সমুদ্রের কাছাকাছি না যাওয়ার এবং উপকূলীয় নিচু এলাকা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
