শ্রীলঙ্কায় ডেঙ্গু মোকাবিলায় ড্রোন ব্যবহার করছে সেনাবাহিনী

প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু প্রাদুর্ভাবের কবলে পড়েছে শ্রীলঙ্কা। এই সংকট মোকাবিলায় দেশটির সামরিক বাহিনী নতুন এক কৌশল গ্রহণ করেছে। এখন ড্রোন ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ভবনের ছাদ, নির্মাণাধীন এলাকা এবং অন্যান্য স্থানে জমে থাকা পানির উৎসগুলো শনাক্ত করা হচ্ছে, যেখানে এডিস মশা বংশবিস্তার করে থাকে।

চলতি বছর দেশটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে এবং ৭৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি কতটা উদ্বেগজনক তা বোঝা যায় জুলাই মাসের পরিসংখ্যানে, যেখানে মোট আক্রান্তের এক-চতুর্থাংশের বেশি রোগী শনাক্ত হয়েছে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা সংক্রমিত এডিস মশার কামড়ে ছড়ায়। এডিস মশা সাধারণত বালতি, ফুলের টবের নিচের প্লেট, ফুলদানি বা যেকোনো স্থির পানিতে ডিম পাড়ে। এরা মূলত দিনের বেলায় সক্রিয় থাকে এবং সূর্যোদয়ের পর ও সূর্যাস্তের আগে বেশি কামড়ায়।

শ্রীলঙ্কার ডেঙ্গু নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক কাপিলা কান্নাঙ্গারা জানিয়েছেন, ডেঙ্গু ভাইরাসের চারটি পৃথক ধরন রয়েছে। একবার এক ধরনে আক্রান্ত হয়ে সুস্থ হলে শুধু সেই নির্দিষ্ট ধরনটির বিরুদ্ধেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, অন্য তিনটি ধরন থেকে সুরক্ষা পাওয়া যায় না। ফলে অন্য কোনো ধরনে আবার আক্রান্ত হলে রোগ আরও গুরুতর হতে পারে। বর্তমানে প্রায় ৭৫ শতাংশ রোগী ভাইরাসের মারাত্মক একটি ধরনে আক্রান্ত বলে তিনি জানান।

ডেঙ্গু পরিস্থিতির অবনতির পেছনে গত ডিসেম্বরের ঘূর্ণিঝড়কে দায়ী করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ঝড়ের পর বিভিন্ন জায়গায় জমে থাকা ধ্বংসাবশেষে পানি জমে মশার নতুন প্রজননক্ষেত্র তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পুলিশকে বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শনের নির্দেশ দিয়েছে। চলতি মাসেই প্রায় ১১ হাজার মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে এবং ৪ হাজারের বেশি স্থাপনার মালিককে জরিমানা করা হয়েছে।

রাজধানী কলম্বোসহ শহরাঞ্চলে সংক্রমণের হার সবচেয়ে বেশি। হাসপাতালগুলোতে অতিরিক্ত শয্যা যুক্ত করা হয়েছে এবং চিকিৎসাকর্মীদের কর্মঘণ্টা বাড়ানো হয়েছে। তবে হাসপাতালের সক্ষমতার সীমাবদ্ধতার কারণে হালকা উপসর্গের রোগীদের বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সরকার ডেঙ্গুর টীকা ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছে, তবে ভাইরাসের চারটি ভিন্ন ধরনের কারণে কার্যকর টীকা তৈরি করা অত্যন্ত কঠিন। এর আগে ২০১৭ সালে প্রবল মৌসুমি বৃষ্টিপাতের পর শ্রীলঙ্কায় ডেঙ্গুতে ৪৫০ জনের মৃত্যু হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গত ৫০ বছরে বিশ্বে ডেঙ্গুর প্রকোপ ৩০ গুণ বেড়েছে এবং এটি বর্তমানে বিশ্বের শীর্ষ ১০টি জনস্বাস্থ্য হুমকির একটি। ২০০০ সালে বিশ্বে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল প্রায় ৫ লাখ, যা ২০২৪ সালে ১ কোটি ৪৪ লাখে দাঁড়িয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। প্রতিরোধের উপায় হিসেবে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি কিছু দেশ ওলবাকিয়া নামক প্রাকৃতিক ব্যাকটেরিয়া ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছে, যা মশাকে মেরে ফেলে না তবে ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়ার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।