দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৪০ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গে তাদের মৃত্যু হয়েছে। এই সংখ্যাসহ গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মোট ৮২৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ জন শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৯২৮টি মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৭ হাজার ৫৯১ জন, যার মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ২০৮ জন। আক্রান্তদের মধ্যে মোট এক লাখ ২৮ হাজার ৮২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে এক লাখ ২৪ হাজার ৫৫৮ জন রোগী এরইমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

