সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। বর্তমানে প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন এবং অনেক পরিবারে একসঙ্গে একাধিক সদস্য অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে অনেক জায়গায় শয্যা সংকুলান না হওয়ায় ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা এই বিপুল সংখ্যক রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন।
চলতি বছরের ১লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই প্রাণ হারিয়েছেন ১৪২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত ৭৭ হাজার ৬৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও বেশি বলে বিশেষজ্ঞদের অভিমত। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই সময়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৭৮ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩০১, খুলনা বিভাগে ২৬৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৯, বরিশাল বিভাগে ২১৩, রাজশাহী বিভাগে ১৭৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮, ময়মনসিংহ বিভাগে ১২০, রংপুর বিভাগে ৫৬ এবং সিলেট বিভাগে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর ঢাকা বিভাগে দুই সিটি করপোরেশনসহ মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ৪৫, চট্টগ্রাম বিভাগে ২৩, ময়মনসিংহ বিভাগে ২০, বরিশাল বিভাগে ১৮, রাজশাহী বিভাগে ১৪, রংপুরে ৫ এবং সিলেটে একজনের মৃত্যু হয়েছে। আগস্ট মাসে ৪৩, জুলাইতে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দুইজন করে রোগী মারা গেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণ ভাইরাস জ্বর ও ডেঙ্গুর উপসর্গে মিল থাকায় অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এবং পরীক্ষা করাতে দেরি করছেন। এতে জটিলতা বাড়ছে। বিশেষ করে শিশু ও প্রবীণদের মধ্যে ডেঙ্গুর প্রভাব বেশি দেখা যাচ্ছে, এমনকি কারো কারো ক্ষেত্রে নিউমোনিয়ার মতো জটিলতাও তৈরি হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও ডেঙ্গু বিশেষজ্ঞ ড. কবিরুল বাশার পূর্বাভাসভিত্তিক মডেলের তথ্য দিয়ে জানিয়েছেন, অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তিনি জানান, এডিস মশা শুধু দিনের বেলা নয়, রাতেও কামড়াতে পারে। তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর পর মশার মাধ্যমে ভাইরাস ছড়াতে কমপক্ষে দুইদিন সময় লাগে। তাই পরিবারের কেউ আক্রান্ত হলে ঘরের ভেতর মশা নিধনের ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে অন্য সদস্যদের মধ্যে সংক্রমণ না ছড়ায়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজির আহমেদ ব্যক্তিগত সচেতনতার ওপর জোর দিয়ে বলেছেন, বাসাবাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। ডাবের খোসা, ফুলের টব বা পলিথিনে জমে থাকা পানি এডিস মশার প্রজননস্থল হতে পারে। তিনি রাতে মশারি ব্যবহার এবং শরীর ঢেকে রাখে এমন পোশাক পরার পরামর্শ দিয়েছেন। আতঙ্কিত না হয়ে পুষ্টিকর খাবার গ্রহণ এবং শারীরিক জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

