সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর থেকে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট স্থগিত রাখার সময়সীমা বাড়িয়ে ১৮ই অক্টোবর পর্যন্ত পুনঃনির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে এই স্থগিতাদেশ ১৭ই অক্টোবর পর্যন্ত ছিল। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সাময়িকভাবে রিয়াদ ও দাম্মাম রুট বন্ধ থাকায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভিড় কমে গেছে এবং বহু প্রবাসী কর্মস্থলে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সংকটের কারণে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে এখন পর্যন্ত ১০৩টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এতে বিপাকে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী। সরাসরি বাতিলের তালিকায় রয়েছে ৪২টি ফ্লাইট, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়ার ৮টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে। এছাড়া ৬১টি ট্রানজিট ফ্লাইট বিঘ্নিত হয়েছে, যার মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৮টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৩টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট অন্তর্ভুক্ত।
পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের চাপ কমাতে মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বড় পরিসরের বোয়িং ৭৭৭ যুক্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে প্রতি ফ্লাইটে ১৪৮টি অতিরিক্ত আসন যুক্ত হয়েছে। পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় প্রবাসী কর্মীদের বাধ্য হয়ে বিকল্প রুট বেছে নিতে হচ্ছে, যা তৈরি করছে বিপুল আর্থিক চাপ।
শাহজালাল বিমানবন্দরে অপেক্ষমাণ শাওন নামের এক প্রবাসী জানান, গত ১৩ই অক্টোবর রিয়াদে তার কোম্পানির দেওয়া টিকিটের ফ্লাইটটি বাতিল হয়ে যায়। পরে চাকরি বাঁচাতে বাধ্য হয়ে নিজের ৬৫ হাজার টাকা খরচ করে মদিনাগামী বিমানের টিকিট কেটেছেন তিনি। আগামী ১৮ই অক্টোবর তার ভিসার মেয়াদ শেষ হতে চলায় ঝুঁকি না নিয়ে ধারদেনা করে এই টিকিট কিনতে হয়েছে। মদিনা থেকে প্রায় ৮৫০ কিলোমিটার দূরে তার কর্মস্থল রিয়াদে সড়কপথে যেতে আরও অন্তত ২০ হাজার টাকা অতিরিক্ত খরচ হবে। কোম্পানিকে ফ্লাইট বাতিলের কথা জানানো হলেও তাদের কাছ থেকে কোনো সাড়া মেলেনি।
একইভাবে চরম বিপাকে পড়েছেন দাম্মামগামী প্রবাসী শালিক। মঙ্গলবার ঢাকা থেকে দাম্মামগামী তার নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ার পর বিমান অফিস তাকে ঢাকা থেকে মদিনার টিকিট পুনঃইস্যু করে দেয়। কিন্তু মদিনা থেকে দাম্মামের দূরত্ব প্রায় ১৩০০ কিলোমিটার, যা অতিক্রম করতে তার বাড়তি ২০ থেকে ৩০ হাজার টাকা গুনতে হবে। তার ভিসার মেয়াদ থাকলেও ছুটির মেয়াদ ছিল ১৬ই অক্টোবর পর্যন্ত। ফ্লাইটের অনিশ্চয়তার ছবি দেখে নিয়োগকর্তা (কফিল) আর ছুটি বাড়াতে রাজি হচ্ছেন না।
অন্যদিকে জীবনের প্রথমবার কাজের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নেওয়া শামসুল হকের অভিজ্ঞতাও সুখকর হয়নি। বাপের ভিটেমাটি বন্ধক রেখে লোন নিয়ে প্রবাসে পা বাড়াতে চাওয়া শামসুল শনিবার বিমানবন্দরে এসে জানতে পারেন তার নির্ধারিত ফ্লাইটটি বাতিল হয়ে গেছে। পরবর্তীতে এজেন্সির কাছে যোগাযোগ করা হলে তারা অতিরিক্ত ৫০ হাজার টাকা নিয়ে এক সপ্তাহ পর মদিনাগামী একটি ফ্লাইটে তাকে নতুন টিকিট প্রদান করে। মদিনায় নেমে সড়কপথে রিয়াদ পৌঁছানোর ব্যবস্থা থাকলেও মাথার ওপর ঋণের কিস্তির চাপ এবং বাড়ি হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

