রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কমেছে ভ্যাপসা গরমের তীব্রতা

তীব্র দাবদাহের পর রোববার ভোরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি নেমেছে। ভোর সোয়া ৪টার দিকে রামপুরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টি শুরু হয়। বৃষ্টি নামার আগে ঝোড়ো বাতাস বয়ে যায়, যা জনমনে কিছুটা অস্বস্তি তৈরি করলেও বৃষ্টি শুরুর পর বাতাসের তীব্রতা কমে আসে। তবে বৃষ্টির সময় কিছু সময় পরপর বজ্রপাতের ঘটনাও ঘটেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছিল। পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার কথা ছিল।

আবহাওয়ার তথ্য অনুযায়ী, রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টি শুরুর আগের ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।