চীনের তিব্বত অঞ্চলে আঘাত হানা ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগকু অঞ্চলের বাকেন এলাকা। এছাড়া কামদো ও নিংচি শহরেও কম্পন অনুভূত হয়েছে। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে তিন শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
ভূমিকম্পের পর ভূমিধসের ঘটনা ঘটায় দুর্গম পার্বত্য এলাকাগুলোতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে উদ্ধারকারী দলগুলোর জন্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানো অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, তিব্বত চীনের অন্যতম কঠোর নিয়ন্ত্রিত অঞ্চল, যেখানে বিদেশি গণমাধ্যমকর্মীদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এর আগে দুই মাসেরও কম সময় আগে হিমবাহ ধস, বন্যা ও ভূমিধসের ঘটনায় তিব্বত ও নেপাল অঞ্চলে ব্যাপক প্রাণহানি ঘটেছিল। সে সময় প্রায় এক হাজার ৪০০ মানুষের মৃত্যু হয় এবং শত শত মানুষ নিখোঁজ ছিলেন।
