ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণ তালিকায় ষষ্ঠ অবস্থানে

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন সকাল পৌনে ৯টার দিকে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৫৭, যা শহরটিকে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে নিয়ে এসেছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে সেই বাতাসকে 'অস্বাস্থ্যকর' হিসেবে গণ্য করা হয়। এর আগে ০ থেকে ৫০ পর্যন্ত মান ভালো, ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি এবং ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১-এর বেশি স্কোরকে 'দুর্যোগপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়।

এদিকে, আজ সকালে মালয়েশিয়ার কুচিং শহর ২৪৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে, যার বাতাস 'খুবই অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যাদের স্কোর ২৩২। এছাড়া ১৭৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে কুয়ালালামপুর, ১৭০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভিয়েতনামের রাজধানী হানোই এবং ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।