বিশ্বের অন্যতম দূষিত বাতাসের শহরের তালিকায় এবার চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঢাকার বাতাসের মান সূচক ছিল ১৬৭, যা পরিবেশগতভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
একই সময়ে ২২৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে কঙ্গোর রাজধানী কিনশাসা। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর (স্কোর ২০১) এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (স্কোর ১৬৮)। এছাড়া ১৫৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।

