অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলার তদন্ত এখন সিআইডি পুলিশকে করার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত বাদীপক্ষের নারাজির আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদনের ওপর শুনানি এবং সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পর আদালত সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। মামলার অভিযোগে বলা হয়, গুলশানের ১২৭ নম্বর সড়কে সানায়া চৌধুরীর একটি ফ্যাশন হাউজ ও স্টুডিও রয়েছে। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তানজিন তিশা ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন। পরদিন অনুষ্ঠান শেষে শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর শাড়িটি ফেরত চেয়ে ফেসবুক-ম্যাসেঞ্জারে বার্তা পাঠালে তানজিন তিশা বাদীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৩ ও ১৮ মার্চ দুটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা হলেও শাড়িটি ফেরত পাওয়া যায়নি। এছাড়া গত ১০ নভেম্বর ম্যাসেঞ্জারে ফোন করে তানজিন তিশা মামলা করার এবং সামাজিকভাবে হেয় করার হুমকি দেন বলে অভিযোগ করেন সানায়া। এই ঘটনায় ১২ নভেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন তিনি। এদিকে, গত ২৫ মে পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাননি মর্মে তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছিলেন।

