বিবাহবিচ্ছেদ নয়, অন্য কাজে আদালতে গিয়েছিলেন গোবিন্দপত্নী সুনীতা

মুম্বাইয়ের পারিবারিক আদালতে বলিউড অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনদের মনে প্রশ্ন জাগে, তবে কি গোবিন্দ ও সুনীতার দীর্ঘ দাম্পত্য জীবনে ভাঙন ধরেছে? বিশেষ করে গত কয়েক দিন ধরে এই দম্পতির মধ্যে চলমান বাগ্বিতণ্ডার খবর সামনে আসায় বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়।

তবে এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন গোবিন্দের সহকারী শশী সিনহা। তিনি জানান, সুনীতা আহুজা বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করতে আদালতে যাননি, বরং আগে করা একটি মামলা প্রত্যাহার করার উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলেন।

শশী সিনহা আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক একটি বিষয় এবং অধিকাংশ ক্ষেত্রে আলোচনার মাধ্যমেই তা মিটে যায়। তবে ব্যক্তিগত বিষয় আদালত পর্যন্ত গড়ানো এবং তা জনসমক্ষে চলে আসায় তিনি হতাশা প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন, 'ঝগড়া তো হতেই পারে! তবে সম্পর্ক চলতেই থাকে।'

সহকারীর মতে, পারিবারিক বিষয় পরিবারের ভেতরেই সীমাবদ্ধ রাখা উচিত ছিল। আদালতের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার কোনো প্রয়োজন ছিল না। মামলাটি কেন দায়ের করা হয়েছিল—এমন প্রশ্নের জবাবে শশী বলেন, এই লোকদেখানোর কোনো প্রয়োজনই ছিল না।

এদিকে সুনীতা আহুজার আদালতে যাওয়ার ঘটনা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে অভিনেতা গোবিন্দের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শশী জানান, এ বিষয়ে অভিনেতার এখন কোনো মন্তব্য নেই। তিনি বলেন, 'গোবিন্দের এখন কোনো প্রতিক্রিয়া নেই। সবে এ ঘটনা ঘটেছে। এখনই তার কোনো প্রতিক্রিয়া নেই। ঈশ্বর সবাইকে সুবুদ্ধি দিন। সবাই যেন বিচক্ষণতার সঙ্গে কাজ করেন।'