বিশ্বের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে স্পাইডার-ম্যানের নতুন সিনেমা

মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে স্পাইডার-ম্যান। সিরিজের নতুন সিনেমা 'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে' আগামী ৩১ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে ভক্তদের জন্য বিশেষ চমক হলো, আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই ৩০ জুলাই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখার সুযোগ পাবেন দর্শকেরা। মাল্টিপ্লেক্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অগ্রিম মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ এই সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের মতোই স্পাইডার-ম্যানের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড এবং তাঁর বিপরীতে জেনডায়া থাকছেন। এছাড়াও জ্যাকব ব্যাটালন এবং হাল্ক চরিত্রে মার্ক রাফেলোর প্রত্যাবর্তনের পাশাপাশি নতুন কিছু মুখও যুক্ত হয়েছে। পিটার পার্কারের স্মৃতি মুছে যাওয়ার পর এমজের নতুন বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছেন ইমান এসফান্দি এবং রহস্যময় এক চরিত্রে দেখা যাবে সেডি সিঙ্ককে। এছাড়া দীর্ঘ প্রতীক্ষার পর 'ডেয়ারডেভিল' সিরিজের জন বার্নথাল তাঁর আইকনিক 'দ্য পানিশার' বা ফ্র্যাঙ্ক ক্যাসেল চরিত্রে বড় পর্দায় ফিরছেন।

'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম' সিনেমার চার বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে এবারের গল্প। ড. স্টিফেন স্ট্রেঞ্জের জাদুর প্রভাবে বিশ্ব পিটার পার্কারের অস্তিত্ব ভুলে যাওয়ায় সে এখন সম্পূর্ণ একা। নিউইয়র্ক শহরকে বেনামে রক্ষা করতে গিয়ে পিটারকে মানসিক দ্বন্দ্ব ও অস্তিত্বের নতুন সংকটের মোকাবিলা করতে হচ্ছে। এবারের সিনেমায় পিটারকে আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল, স্বাধীন এবং মানসিকভাবে পরিণত অবস্থায় দেখা যাবে, যা চরিত্রের বিকাশ দেখতে পছন্দ করা দর্শকদের জন্য আকর্ষণীয় হতে পারে।

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বেশ অভিনব। এটি বিশ্বের প্রথম সিনেমা যা সম্পূর্ণভাবে 'শট ফর স্ক্রিন-এক্স' উদ্যোগের আওতায় নির্মিত হয়েছে। এই প্রযুক্তির ফলে দর্শকেরা হলের মূল পর্দার পাশাপাশি দুই পাশের দেয়ালেও দৃশ্য দেখতে পাবেন, যা ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউয়ের মাধ্যমে এক অনন্য অভিজ্ঞতা দেবে। সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে, যার প্রমাণ মিলেছে ট্রেলার প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ৭১ কোটি ৮৬ লাখ ভিউয়ের রেকর্ডে। বর্তমানে অগ্রিম টিকিট বুকিংও বেশ জোরেশোরে চলছে, যা সিনেমাটি নিয়ে দর্শকদের প্রবল আগ্রহের বহিঃপ্রকাশ।