রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরতে নিজেই কাজ খুঁজলেন স্মৃতি ইরানি

বিনোদন জগতের ছোটপর্দার পরিচিত মুখ স্মৃতি ইরানি অভিনয় থেকে দীর্ঘ সময় দূরে ছিলেন। রাজনীতির মঞ্চে সক্রিয় থেকে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বও পালন করেছেন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর এই অভিনেত্রীর জীবনের সমীকরণ বদলে গেছে। এখন তাকে আবারও ছোটপর্দায় দেখা যাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতি ইরানি জানিয়েছেন, বিনোদন জগতে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি নিজেই অনেকের কাছে কাজের জন্য যোগাযোগ করেছিলেন।

স্মৃতি ইরানি জানান, তিনি সরাসরি যোগাযোগ করেছিলেন ‘জিয়োহটস্টার’ এবং ‘স্টার’-এর ভাইস চেয়ারম্যান উদয় শঙ্করের সঙ্গে। ‘কিউকি সাস ভী কভী বহু থী’ ধারাবাহিকের সূত্রে উদয় শঙ্করের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ফোন করে তিনি সরাসরি উদয় শঙ্করকে জানিয়েছিলেন যে তিনি এখন কর্মহীন এবং বিনোদন জগতে কোনো কাজের সুযোগ পাওয়া যায় কি না, তা জানতে চেয়েছিলেন।

স্মৃতির এই ফোন পেয়ে উদয় শঙ্কর কিছুটা অবাকই হয়েছিলেন, কারণ সেই সময় তিনি বিদেশে ছিলেন। একজন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিজে ফোন করে কাজ চাইছেন—বিষয়টি তার কাছে বিস্ময়ের ছিল। তিনি স্মৃতির সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছিলেন। তবে অভিনেত্রীর কাছে এতে অস্বস্তির কিছু ছিল না। যে পেশায় একসময় কাজ করেছেন, প্রয়োজনের সময়ে সেখানে ফিরে যাওয়া লজ্জার নয় বলে মনে করেন তিনি। বরং নিজের পুরোনো পেশায় নতুন করে কাজ শুরু করার সিদ্ধান্ত তাকে প্রত্যাশার চেয়েও বেশি স্বাধীনতা দিয়েছে।

দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে থাকার পর আবার ‘কিঁউকি সাস ভী কভী বহু থী ২’-এর সেটে পা রেখেছেন স্মৃতি ইরানি। রাজনীতির দীর্ঘ অধ্যায়ের পর অভিনয়ের পরিচিত জগতে তার এই প্রত্যাবর্তন তাই নিছক পর্দায় ফেরা নয়, বরং জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা।