বলিউড ইন্ডাস্ট্রিতে নারীদের কাজের পরিবেশ এবং কাস্টিং কাউচ নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বর্তমানে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হলেও ইন্ডাস্ট্রিতে এক সময় নারীদের জন্য পথ চলা বেশ কঠিন ছিল বলে মনে করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন এই শিল্পী।
শ্রেয়া ঘোষাল জানান, তিনি ব্যক্তিগতভাবে কাস্টিং কাউচ বা এ ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হননি। তবে ইন্ডাস্ট্রিতে যে এই সমস্যা রয়েছে, তা তিনি অস্বীকার করেননি। গায়িকার মতে, আগে সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায় কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলেও তা বাইরে আসত না, যা এখন কিছুটা সম্ভব হচ্ছে।
নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শ্রেয়া জানান, মাত্র ১৩ বছর বয়সে তিনি গান গাওয়া শুরু করেছিলেন। সেই সময় তার বাবা-মা কাজের জায়গায় তার সঙ্গে থাকতেন, যা তাকে এক ধরনের সুরক্ষার বলয় দিয়েছিল। এর ফলে কেউ তার সঙ্গে কোনো ধরনের অনুচিত আচরণ করার সাহস পেতেন না। তবে নিজের এই অভিজ্ঞতা দিয়ে তিনি পুরো ইন্ডাস্ট্রির পরিস্থিতিকে বিচার করতে রাজি নন।
কাস্টিং কাউচের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ শিল্পীদের পারিশ্রমিকের বৈষম্য নিয়েও কথা বলেছেন শ্রেয়া। তিনি মনে করেন, বিষয়টিকে সবসময় লিঙ্গের ভিত্তিতে বিচার করা ঠিক নয়। কারণ পুরুষ শিল্পীদেরও ক্যারিয়ারের শুরুতে পারিশ্রমিক নিয়ে দর কষাকষি করতে হয়। নিজের ক্যারিয়ারের শুরুর দিকে অনেক গান তিনি বিনা পারিশ্রমিকেও গেয়েছেন বলে জানান এই গায়িকা।

