তরুণীকে চেয়ার থেকে ফেলে বসেন সারাহ আলি খান, দাবি অরির

বলিউড অভিনেতা সাইফ আলি খানের কন্যা ও জনপ্রিয় অভিনেত্রী সারাহ আলি খান এক পুরোনো ঘটনার জেরে নতুন করে আলোচনায় এসেছেন। তার দীর্ঘদিনের বন্ধু ওরহান অবত্রমানি ওরফে অরি সম্প্রতি দাবি করেছেন, এক অনুষ্ঠানে সারাহ এক তরুণীকে চেয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে নিজে বসেছিলেন। অথচ সেই ঘটনার সম্পূর্ণ দায় এসে পড়েছিল অরির ওপর।

সম্প্রতি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সেই পুরোনো স্মৃতিচারণ করেন অরি। তিনি জানান, একটি অনুষ্ঠানে তারা দুজনে বসার মতো উপযুক্ত জায়গা খুঁজছিলেন। ওই সময় একটি চেয়ারে এক তরুণী বসে ছিলেন। অভিযোগ রয়েছে, সারাহ সেই তরুণীকে চেয়ার থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নিজে সেখানে বসে পড়েন। অরি বলেন, এর কিছুক্ষণ পর ওই তরুণী সোজা তার কাছে এসে ক্ষোভ ঝাড়েন এবং অভিযোগ করেন যে অরি তাকে ধাক্কা দিয়েছেন। অরি তখন তাকে বলেছিলেন, ‘আমি আসলে কাজটি করিনি, তবে ধন্যবাদ!’

তরুণীটি কেন সরাসরি সারাহর মুখোমুখি হননি—এমন প্রশ্নের জবাবে অরি জানান, সে সময় সারাহর জনপ্রিয়তা অনেক বেশি থাকায় হয়তো ওই তরুণীটি সাহস পাননি। অথচ অরি নিজে এই ধাক্কা দেওয়ার ঘটনায় কোনোভাবেই জড়িত ছিলেন না। তবে চেয়ার থেকে তরুণীকে ফেলে দেওয়ার এই গুরুতর অভিযোগের বিষয়ে সারাহ আলি খানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

সারাহ ও অরির সম্পর্কের টানাপোড়েন অবশ্য নতুন কিছু নয়। এর আগেও তাদের বন্ধুত্বের অবনতি নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। ২০২১ সালে সারাহর মা অমৃতা সিংয়ের সঙ্গেও অরির একটি অপ্রীতিকর অভিজ্ঞতা হয়েছিল বলে দাবি করেছিলেন তিনি। অরি সেই সময়টিকে তার জীবনের ‘সবচেয়ে কঠিন ও অন্ধকার সময়’ হিসেবে উল্লেখ করলেও তাদের বিরোধের সুনির্দিষ্ট কারণটি আজও প্রকাশ করেননি।

মূলত ২০২৫ সালে এসে সারাহ ও অরির দীর্ঘদিনের বন্ধুত্বে চূড়ান্ত ফাটল ধরে। সারাহর জন্মদিনের কিছু ছবি অরি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর তা অভিনেত্রীর জন্য বেশ অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘থ্রি ওয়ার্স্ট নেমস’ শিরোনামে একটি রিল প্রকাশ করেন অরি। সেখানে কোনো পদবি ছাড়াই তিনি সারাহ, অমৃতা ও পালকের নাম উল্লেখ করেছিলেন।