জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবারও পিছিয়েছে। মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল করতে পারেনি।
সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মজিবুর রহমান প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের জন্য নতুন সময়সীমা নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সালমান শাহের স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে এই হত্যা মামলায় আসামি করা হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই মামলাটি নিয়ে নানা সময়ে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরিবারের পক্ষ থেকে সবসময়ই এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত বছরের ২০ অক্টোবর সালমান শাহের মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন।
এদিকে, মামলাটির তদন্ত চলাকালীন অভিনেতা আশরাফুল হক ডনের গ্রেপ্তারের বিষয়টি আলোচনায় আসে। গত ৯ আগস্ট ইমিগ্রেশন পুলিশ তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। এরপর সিআইডি তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং রিমান্ড শেষে ৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। তিনি বর্তমানে কারাগারেই রয়েছেন।

