বন্যার্তদের সহায়তায় গান গাইবেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা

কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে জাতীয়ভাবে সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই বিশেষ আয়োজন উপলক্ষে আগামী ২৪ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পাশাপাশি রুনা লায়লা বাংলাসহ বিভিন্ন ভাষায় তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হবে। টিকিট বিক্রির মাধ্যমে প্রাপ্ত পুরো অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে। অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকা।

বাংলা গানের পাশাপাশি উর্দু, হিন্দি ও ইংরেজিসহ বিভিন্ন ভাষায় অসংখ্য জনপ্রিয় গান গেয়ে রুনা লায়লা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংগীতকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। সংগীতে তার অসামান্য অবদান, দীর্ঘ শিল্পীজীবন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এছাড়া স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।