মা হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি

বলিউড অভিনেত্রী রানি মুখার্জি তার মা কৃষ্ণা মুখার্জিকে হারিয়েছেন। মঙ্গলবার দুপুরে ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’ এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। এই শোকের মুহূর্তে মুখার্জি পরিবারের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কৃষ্ণা মুখার্জির এই বিয়োগান্তক সময়ে যারা ভালোবাসা, প্রার্থনা ও সমর্থন জানাচ্ছেন, তাদের প্রতি পরিবারটি গভীরভাবে কৃতজ্ঞ। শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষিত শিল্পী কৃষ্ণা মুখার্জি একসময় কয়েকটি সিনেমায় গানও করেছিলেন। তার স্বামী রাম মুখার্জি ছিলেন চলচ্চিত্র পরিচালক, যিনি ২০১৭ সালে মারা যান। মুম্বাইয়ে মুখার্জি পরিবারের বিভিন্ন আয়োজনে কৃষ্ণা মুখার্জির নিয়মিত উপস্থিতি ছিল, বিশেষ করে পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপূজায় তাকে প্রতিবছর সরব দেখা যেত।

রানির সঙ্গে তার মায়ের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ, যা বিভিন্ন সাক্ষাৎকারে একাধিকবার উঠে এসেছে। রানির প্রথম হিন্দি সিনেমা ‘রাজা কি আয়েগি বারাত’-এ অভিনয়ের ক্ষেত্রে বাবার বন্ধু ও প্রযোজক সেলিম আখতারের মাধ্যমে সুযোগ এলেও, সিদ্ধান্তটি নিতে মায়ের পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে রানি জানিয়েছিলেন। অভিনেত্রীর ভাষায়, তার মা বিশ্বাস করতেন যে তিনি ভালো কাজ করলে তা পুরো পরিবারের জন্যই কল্যাণকর হবে। পরবর্তীতে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় এক মায়ের চরিত্রে অভিনয়ের সময়ও রানি তার মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। মাকে স্মরণ করে রানি বলেছিলেন, তিনি তার মায়ের কাছ থেকেই শক্তি পেয়েছেন, যিনি আপাদমস্তক বাঙালি হিসেবে নিজ হাতে খাইয়ে দেওয়া থেকে শুরু করে কপালে টিপ পরিয়ে দেওয়া পর্যন্ত সবকিছু করতেন।

অভিনয় জীবনে রানি মুখার্জি চলতি বছর ‘মর্দানি ৩’ সিনেমায় কাজ করেছেন। এছাড়া আগামী ডিসেম্বরে তার নতুন সিনেমা ‘কিং’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ছবিতে শাহরুখ খান, সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনসহ বলিউডের আরও অনেক তারকা অভিনয় করেছেন।