ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জন চাউর হয়েছে। শোনা যাচ্ছে, দেশের নামকরা একজন ব্যবসায়ীর সঙ্গে নাকি গাঁটছড়া বেঁধেছেন এই অভিনেত্রী। তবে এই গুঞ্জনের সত্যতা নিয়ে পূজা চেরির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
চলতি বছরের শুরুর দিকেও পূজার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা হয়েছিল। প্রায় দুই বছর আগে গোপনে বাগদান সম্পন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন যে তিনি এনগেজড। সে সময় তিনি জানিয়েছিলেন, পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান, তবে বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি।
সম্প্রতি নিজের অভিনীত কয়েকটি সিনেমার পোস্টারের সঙ্গে একটি ছবি প্রকাশ করে পূজা লিখেছেন, ‘প্রতিটি চরিত্র আমাকে নতুন কিছু শিখিয়েছে, প্রতিটি সিনেমা আমাকে আরও শক্ত করেছে। তবে বলুন তো, কোনটি এখানে নেই অনুমান করতে পারেন?’ তার এই রহস্যময় পোস্টের পর ভক্তদের মধ্যে নতুন কোনো সিনেমা কিংবা জীবনের নতুন কোনো অধ্যায় নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। তবে এই পোস্টে বিয়ে বা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি অভিনেত্রী।
‘পোড়ামন টু’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া পূজা চেরিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘দম’ সিনেমায়।

