নতুন শিশুকে নিয়ে পরীমণির পোস্ট, ফের জল্পনা ঘিরে কৌতুহল

জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। কাজের খবর কিংবা ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে তিনি প্রায়ই চমক দেন। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে তিনি নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।

ছবিতে দেখা যায়, গাড়ির ভেতরে সাদা পোশাক ও চোখে সানগ্লাস পরা পরীমণির কোলে একটি ফুটফুটে শিশু রয়েছে। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, 'তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।' এই ছবি ও ক্যাপশন দেখার পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তবে কি আবারও মা হলেন এই অভিনেত্রী? পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা বিভিন্ন প্রশ্ন করতে শুরু করেন, যার অনেকগুলোর উত্তর দিয়েছেন পরীমণি নিজেও। এক ভক্ত শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে অভিনেত্রী সংক্ষেপে উত্তর দেন, 'ছেলে'। আরেকজন ঠাট্টা করে জানতে চান তিনি আর কত সন্তান নেবেন, যার জবাবে তিনি মন্তব্য করেন, 'আর ৯৭টা।'

পরীমণি বরাবরই শিশুপ্রেমী হিসেবে পরিচিত। এর আগেও তিনি একাধিক সাক্ষাৎকার ও সোশ্যাল মিডিয়ায় অনেক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। ভক্তদের ধারণা, তিনি হয়তো তৃতীয় সন্তান দত্তক নিয়েছেন। কারণ, এর আগে তিনি সাফিরা সুলতানা প্রিয়ম নামে এক কন্যা সন্তান দত্তক নিয়েছিলেন। তবে নতুন এই শিশুটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু স্পষ্ট করেননি তিনি।

উল্লেখ্য, ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়ে হয় পরীমণির। তাদের ঘরে শাহীম মোহাম্মদ পূণ্য নামে এক ছেলে সন্তান রয়েছে। ২০২৩ সালে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে পরীমণি একাই ছেলেকে বড় করছেন। বর্তমানে দত্তক নেওয়া কন্যা সন্তান প্রিয়মসহ নিজের সন্তানদের একা হাতেই লালন-পালন করছেন এই অভিনেত্রী।