মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন: কে এই হবু বর সিদ্ধার্থ দত্ত?

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন পাড়ায় জোর গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই শীতের আমেজে পাহাড়ি শহর কালিম্পংয়ে বসতে পারে তার বিয়ের আসর। জলপাইগুড়ির মেয়ে মিমির বিয়ে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই সামনে এসেছে তার হবু বরের পরিচয়।

মিমির হবু বরের নাম সিদ্ধার্থ দত্ত। তিনি কলকাতার ছেলে এবং পেশায় একজন আন্তর্জাতিক মেরিন ইঞ্জিনিয়ার। কলকাতার ঐতিহ্যবাহী ‘ক্যালকাটা বয়েজ স্কুল’-এ স্কুলজীবন শেষ করে তিনি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন। এরপর আন্তর্জাতিক মার্চেন্ট নেভিতে যোগ দেন সিদ্ধার্থ। ২০০৮ সালের মার্চ মাস থেকে তিনি যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান ‘শেল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড’-এর সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে তিনি এই বহুজাতিক সংস্থায় সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

ব্যক্তিগত জীবনকে সব সময়ই আড়ালে রাখতে পছন্দ করেন মিমি চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকলেও নিজের প্রেম বা বিয়ে সংক্রান্ত বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে মিমির সঙ্গে তার হবু স্বামীকে একঝলক দেখা গেছে বলে দাবি করছেন নেটিজেনরা। টালিপাড়ার বন্ধুদের আড্ডার এই ছবিটিকে ঘিরে গুঞ্জন আরও জোরালো হয়েছে। শোনা যাচ্ছে, গত দুর্গাপূজার সময়ই মিমি ও সিদ্ধার্থের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

যদিও বিয়ে কিংবা এই সম্পর্কের বিষয়ে মিমি বা সিদ্ধার্থ—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই তারকা অভিনেত্রীর কাছ থেকে সরাসরি কোনো খবর জানার জন্য।