পরীক্ষা শেষে শুটিংয়ের ব্যস্ততায় ফিরলেন অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম

দীর্ঘ দেড় মাসের বিরতি কাটিয়ে আবারো চেনা ছন্দে ফিরেছেন এই সময়ের প্রতিভাবান অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম। প্রাতিষ্ঠানিক পরীক্ষার কারণে এতদিন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে দূরে ছিলেন তিনি। গত ৯ আগস্ট তার পরীক্ষা শেষ হয়েছে এবং পরদিন ১০ আগস্ট থেকেই তিনি পুরোদমে শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

পরীক্ষা শেষ হওয়ার পর বিশ্রামের কোনো সুযোগ পাননি জীম। পরিচালকদের অনুরোধ এবং জমে থাকা চিত্রনাট্যের চাপের কারণে তাকে দ্রুত সেটে ফিরতে হয়েছে। অভিনেত্রী জানান, চলতি আগস্ট মাসের পুরো সময়টাই তার শুটিংয়ের জন্য বরাদ্দ। বিভিন্ন লোকেশনে দিন-রাত এক করে তাকে শুটিং করতে হবে, ফলে এই মাসে তার কোনো ছুটির অবকাশ নেই।

ফিরেই তিনি সেলিম রেজা পরিচালিত ‘লুকোচুরি প্রেম’ নামের নতুন একটি নাটকের কাজ শেষ করেছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সাদ সালমী নাওভী। এছাড়া আরও একটি নতুন নাটক এবং একটি ওভিসির কাজ সম্পন্ন করেছেন তিনি। আগামীকাল থেকে আরেকটি নতুন নাটকের শুটিং শুরু করার কথা রয়েছে তার। জীম জানান, প্রতিটি নাটকেই তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে।

কাজের প্রতি নিজের নিষ্ঠার কথা জানিয়ে জীম বলেন, ‘পড়াশোনার জন্য দেড় মাস কাজে ফোকাস করতে পারিনি। পরীক্ষা শেষ হতেই বিশ্রাম না নিয়েই ফের কাজ শুরু করেছি। একটানা কাজ করব। নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রতিনিয়ত পরিশ্রম করছি। আশা করছি, একদিন সফল হবোই।’