কলকাতার পাখি মধুমিতা এবার ‘গুলশানের চামেলি’ সিনেমায়

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে চলচ্চিত্র নির্মাতা মো. ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’র শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। এই জমকালো আয়োজনে দেশের চলচ্চিত্র অঙ্গনের অনেক গুণী শিল্পী ও কলাকুশলী উপস্থিত ছিলেন।

সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হলো নামভূমিকায় কলকাতার জনপ্রিয় ‘পাখি’ খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের অভিনয়। এই সিনেমার মাধ্যমেই বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তার। মধুমিতা জানান, চামেলি চরিত্রটি তার অভিনয় জীবনের অন্যতম কঠিন একটি চরিত্র। বাংলাদেশের সিনেমায় প্রথম কাজেই এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র পাওয়ায় তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের কিংবদন্তি শিল্পীদের সঙ্গে একই পর্দায় অভিনয়ের সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত গর্বের এবং এটি আজীবন স্মরণীয় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে। সিনেমাটিতে মধুমিতার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় ও কিংবদন্তি অভিনয়শিল্পী ওমর সানী, আমিন খান, রোজিনা, আজমেরী হক বাঁধন এবং আশীষ খন্দকারসহ আরও অনেকে অভিনয় করছেন।

নির্মাতা মো. ইকবালের প্রত্যাশা, ভিন্নধর্মী গল্প ও শক্তিশালী অভিনয়ের সমন্বয়ে ‘গুলশানের চামেলি’ দর্শকদের জন্য একটি বিশেষ সিনেমা হয়ে উঠবে। সিনেমাটির দৃশ্যধারণ আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসে শুরু করার পরিকল্পনা রয়েছে। এখন দেখার অপেক্ষা, বড় পর্দায় ‘চামেলি’ হয়ে মধুমিতা সরকার বাংলাদেশের দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন।